চলতি মাসে নিউইয়র্কে হাসিনা-মনমোহন বৈঠক হতে পারে
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৩, ২৩:০২
চলতি মাসে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বৈঠক হতে পারে। সীমান্ত চুক্তি বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল পাসে ব্যর্থ হওয়ার পর ভারত এই দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা চালাচ্ছে। চলতি মাসের শেষ সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে এ বৈঠকের দিন ধার্য করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ভারতের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে কলকাতার দ্য টেলিগ্রাফ পত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে ভারত সফরের জন্য শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন মনমোহন সিং। তবে আসন্ন নির্বাচনের কারণে শেখ হাসিনা ভারত সফরে নাও যেতে পারেন। ভারতের একজন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কোনো সম্ভাবনা আমরা দেখছি না। কারণ নির্বাচনের আগে সীমান্ত চুক্তি বাস্তবায়নের কোনো আশা নেই।
কর্মকর্তারা বলেন, নিউইয়র্কে শেখ হাসিনার সঙ্গে মনমোহন সিংয়ের বৈঠকের সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ, ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন মনমোহন সিং। ২৬ সেপ্টেম্বর তিনি ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ২৭ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে যাবেন এবং পরদিন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। দেশে ফেরার আগে ২৯ মে তিনি একদিন সময় পাবেন বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। তাই শেখ হাসিনার সঙ্গে বৈঠক হওয়ার জন্য অল্প সময় হাতে রয়েছে তার। অন্যদিকে, শেখ হাসিনার নিউইয়র্ক সফরের সময়সূচি এখনো ঢাকা জানায়নি।
প্রতিবেদনে আরো বলা হয়, ঢাকার সঙ্গে নাজুক সম্পর্ক দিল্লির বড় বিপত্তির কারণ হবে। কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গত পাঁচ বছরে ভারত ব্যাপক কূটনৈতিক তত্পরতা চালিয়েছে। এছাড়া আওয়ামী লীগের সঙ্গে ভারতের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে যা বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির সঙ্গে নেই।