আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৩, ২৩:১৮
আজ ১ সেপ্টেম্বর বিএনপি’র ৩৫তম প্রতিষ্ঠা দিবস। ১৯৭৮ সালের এই দিনে তত্কালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল গঠন করেন। দীর্ঘ ৩৪টি বছরে সংঘাত-বিক্ষোভ, চড়াই- উত্রাইয়ের পথপরিক্রমায় বিএনপি আজ দেশের অন্যতম বড় রাজনৈতিক দল।
১৯ দফা কর্মসূচির আলোকে প্রতিষ্ঠার পাঁচ মাসের মাথায় ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০০টি আসন লাভ করে। এ দলের নেতা-কর্মীরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থানকালে সেনাবাহিনীর একটি গ্রুপের হামলায় তিনি নিহত হন। বিএনপি দেশ শাসন করেছে ১৮ বছর। তিনবার প্রধানমন্ত্রী হবার অনন্য গৌরব অর্জন করেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সর্বশেষ ২০০১ সালের ১ অক্টোবর জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে। পাঁচ বছরের দায়িত্ব পালন শেষে ২০০৬ সালের অক্টোবরে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেয়। ১/১১ এর পটবদলের পর বিএনপিকে কিছু প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়। কারাগারে নিক্ষিপ্ত হন দলের নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান। ৬ বছর আগে এই মাসে জামিনে মুক্তি পান বেগম জিয়া ও তারেক রহমান। অসুস্থ তারেক এখনও লন্ডনে চিকিত্সা নিচ্ছেন। গত নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। বর্তমানে সংসদে ছোট একটি বিরোধী দল বিএনপি। এই সরকারের প্রায় গত ৫ বছরে বিএনপি আন্দোলনরত। শীর্ষস্থানীয় প্রায় সব নেতাকে একাধিকবার কারাগারে যেতে হয়েছে। এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বিএনপি আজ তার ৩৫তম প্রতিষ্ঠা দিবস পালন করতে যাচ্ছে।
খালেদা জিয়ার বিবৃতি
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীকে আন্দোলন সংগ্রামের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, আমাদের এখন মূল লক্ষ্যই হচ্ছে বাতিল করা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও সংবিধানে পুন:প্রতিষ্ঠা করা। তিনি বলেন, আজ দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। দেশবিরোধী নানা চুক্তি ও কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান সরকার জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে চলেছে। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। বিদ্যুত্-গ্যাস-পানি নিয়ে হাহাকার চারদিকে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। দেশজুড়ে চলছে গণহত্যা, গুম, গুপ্তহত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, নিপীড়ন ও নির্যাতনের মহোত্সব। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ভূলুণ্ঠিত করে নির্লজ্জ দলীয়করণ করায় নিপীড়িত জনমানুষের আইনি প্রতিকার পাওয়ার পথও রুদ্ধ হয়ে গেছে। প্রশাসন আজ্ঞাবহ হওয়ার কারণেই স্থবির হয়ে পড়েছে। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না।
তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে দেশ ও জনগণের সেবায় বিএনপি আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ইতিবাচক ভূমিকা রাখবে ইন্শাআল্ল¬াহ। তিনি বলেন, জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি বিগত ৩৫ বছরে বার বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং দেশ ও জনগণের সমৃদ্ধি ও কল্যাণে কাজ করে গেছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমাদের এই প্রিয় দল অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করেছে। এমনকি ৯ বছরের স্বৈরাচার বিরোধী ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনেও বিএনপি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।
কর্মসূচি
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে দুইদিনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। গতকাল শনিবার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে এক আলোচনা সভার মধ্যদিয়ে এই কর্মসূচি শুরু হয়। আজ ১ সেপ্টেম্বর ভোরে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় এবং দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,সকাল ১০টায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় নেতৃবৃন্দ জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করবেন।