স্বল্প মূলধনী কোম্পানি ঘিরে শেয়ারবাজারের লেনদেন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৫
শেয়ারবাজারে গত আট কর্মদিবস ধরে স্বল্প মূলধনী কোম্পানি ঘিরে লেনদেনের পরিমাণ বেড়েছে। এ কোম্পানিগুলোতে অল্প সময়ে ভালো মুনাফা হচ্ছে বলেই এ কোম্পানিগুলো ঘিরে লেনদেন হচ্ছে। গত আট দিনে স্বল্প মূলধনী কোম্পানিগুলোর দাম বেড়েছে প্রায় ১ দশমিক ২৫ শতাংশ। আর ক্ষুদ্র মূলধনী কোম্পানিগুলোর দাম বেড়েছে প্রায় ১ দশমিক ৮১ শতাংশ। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
এদিকে গতকাল রবিবার শেয়ারবাজারে সূচক বাড়ার পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। তিন কার্যদিবস সূচক কমার পর গতকাল সূচক বেড়েছে। দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৪১ কোটি ২৩ লাখ ৭৫ হাজার ৩৬০ টাকা। যা আগের দিনের চেয়ে ৫১ কোটি ৭ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের।
এদিকে গতকাল থেকে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেয়া শুরু হয়েছে। স্থানীয় অধিবাসীদের জন্য এ আইপিও আবেদন আগামী বৃহস্পতিবার পর্যন্ত জমা নেয়া হবে। তবে প্রবাসী বিনিয়োগকারীরা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এ সুযোগ পাবেন। প্যারামাউন্ট টেক্সটাইল ৩ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৮৪ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। এরসঙ্গে ১৮ টাকা প্রিমিয়ামসহ ২৮ টাকা মূল্যে আবেদন নেয়া হবে। মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ২৫০টি শেয়ারে। আইপিও থেকে সংগৃহীত টাকা কোম্পানির ব্যাংকঋণ এবং আইপিও খাতে ব্যয় করা হবে।