নেপালের বিরুদ্ধে আমাদের খারাপ দিন গেছে -বিপ্লব
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫২
নেপালের বিরুদ্ধে সেরা একাদশে ছিলেন না বাংলাদেশ দলের গোলকিপার বিপ্লব। বেঞ্চে বসে খেলা দেখেছেন তিনি। বিশ্বাস করতে পারছিলেন না কি হয়েছিল খেলোয়াড়দের। গতকাল বিকালে হোটেল লবীতে সংবাদ মাধ্যমের সাথে কথা বলছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব। তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়রা সাধারণ খেলাটাও খেলতে পারেনি। যদি স্বাভাবিক খেলাটাও খেলতে পারত; তাহলে ম্যাচ হারত না। একটা খারাপ দিন গেছে।’ সাফ বিপ্লবকে সংবর্ধনা দেবে বলে জানিয়েছিল বাফুফে। কারণ সাফ চ্যাম্পিয়নশিপের গত সাতটি আসরে খেলছেন বাংলাদেশের এ গোলরক্ষক। এবার তার অংশগ্রহণের অষ্টম আসর চলছে। এটা একজন খেলোয়াড়ের জন্য বিরাট গৌরবের। বিপ্লব গতকাল এ প্রসঙ্গে বলেন, ‘এটা আমার জন্য গৌরবের ব্যাপার। আমি গর্বিত।’