লালপুরে ৩০ হাজার গাছ ও পান বরজ নদীগর্ভে

পদ্মা নদীর অব্যাহত ভাঙ্গনে গত এক মাসে নাটোরের লালপুর উপজেলার দিয়াড়-বাহাদুরপুর চর, চর জাজিরা, নওসারা সুলতানপুর, শঙ্করপুর এলাকায় পদ্মা নদীর ভাঙ্গনে বন বিভাগের লাগানো আকাশমনি, ইপিল ইপিল, বাবলাসহ নানা জাতের ২ বছর বয়সের ৩০ হাজার বনজ গাছ, পানের বরজ, কলাবাগান, কচু, পাট, আখ ও ধান ক্ষেতসহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। গৃহহীন হয়েছে ২৫টি পরিবার। গৃহহীন পরিবারগুলো অধিকাংশই লালপুর কলোনীতে আশ্রয় নিয়েছে। বাহাদুরপুর চরের কামাল হোসেন জানান, ২ বছর আগেও এ চরে প্রায় ৪শ’ পরিবারের লোকজন বসবাস করত। নদীর ভাঙ্গনে সবাই ভিটে ছাড়া। লালপুর উপজেলা বন কর্মকর্তা সত্যন্দ্রনাথ সরকার জানান, ২০১০-১১ সালে দিয়াড় বাহাদুরপুর চরের ২০ হেক্টর খাস জমিতে ৩০ হাজার বনজ গাছের বাগান সৃজন করা হয়। তার সবই এ মাসে নদীগর্ভে বিলীন হয়েছে। গত ২৮ আগস্ট সামাজিক বন বিভাগের রাজশাহী জোনের বিভাগীয় ঊর্ধ্বতন বন কর্মকর্তারা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন।