আসন্ন অধিবেশনে পাস হচ্ছে গ্রাম আদালত বিল

জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে গ্রাম আদালত (সংশোধন) বিল, ২০১৩ পাস করার লক্ষ্যে রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে। রবিবার জাতীয় সংসদ ভবনে নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে কমিটি একমত হয়ে রিপোর্ট চূড়ান্ত করেছে। সংসদ সচিবালয় জানায়, বৈঠকের শুরুতে কমিটির সদস্যরা গ্রাম আদালত (সংশোধন) বিল, ২০১৩ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিলটি পুংখানুপুংখভাবে পরীক্ষা-নিরীক্ষা করার সময় প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনসহ রিপোর্ট চূড়ান্ত করা হয়। সূত্র জানায়, আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে এ বিলটি পাস করা হবে। কমিটির সদস্য এ,কে,এম মোস্তাফিজুর রহমান, মো. মনোয়ার হোসেন, মো. আশরাফ আলী খান খসরু এবং আশরাফুন নেসা মোশারফ বৈঠকে অংশগ্রহণ করেন।