সিপিএ সম্মেলনে যোগ দিতে স্পিকারের দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল রবিবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। গত ২৮ আগস্ট থেকে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে শুরু হওয়া ৫৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ)-এর সম্মেলনে তিনি যোগদান করবেন। সম্মেলন শেষ হবে আগামী ৬ সেপ্টেম্বর। এফেক্টিভ সলিউশন টু কমনওয়েলথ ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ থিমকে সামনে রেখে অনুষ্ঠেয় কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ)-এর সম্মেলনে জেন্ডার সম্পর্কিত কর্মশালায় স্পিকারের প্রধান বক্তা হিসাবে আলোচনায় অংশগ্রহণ করার কথা রয়েছে। প্রতিনিধিদলের সদস্যরা হলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান, স্পিকারের একান্ত সচিব এম. এ. কামাল বিল্লাহ্ এবং সিনিয়র সহকারি সচিব (আইন) মো. নাজমুল হক।