আবার অন্ধকারে বিসিবি!
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২২:২১
এই ঘটনা আগেও ঘটেছে। গতকাল দুপুরে আবারও ঘন্টা খানেকের জন্য বিদ্যুতের অভাবে অন্ধকার হয়ে গেল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির অফিস। এমনকি বিদ্যুত্ না থাকায় ইনডোরে খেলোয়াড়দের অনুশীলনও বন্ধ হয়ে গেল। কারণ সেই পুরোনো—বকেয়া বিল পরিশোধ না করায় বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে গেল শেরে বাংলা স্টেডিয়ামে।
বিদ্যুত্ বিল নিয়ে বিসিবির ভাষ্যমতে ঝামেলাটা করছে আসলে জাতীয় ক্রীড়া পরিষদই (এনএসসি)। স্টেডিয়ামের নিচতলায় ভাড়া দেয়া দোকানগুলো থেকে এনএসসি নিয়মিত টাকা সংগ্রহ করে। আবার সেই দোকানগুলোর বিলও যোগ হয়ে যায় বিসিবির বিলের সঙ্গে। বিসিবি অনেকদিন ধরেই এনএসসিকে বলছে, তাদের আলাদা মিটার দেয়া হোক। বলাই বাহুল্য, তা হয়নি।
ফলে বার বার এই সংকট। আর বরাবরের মতো কালও বিল জমা দেয়ার পর বিসিবি ফেরত পেল সংযোগ। কিন্তু এভাবে আর কতো?