চট্টগ্রামে ৪২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৩
চট্টগ্রাম জেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি আয়োজিত ৪২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা গতকাল রবিবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে শুরু হয়েছে। প্রতিযোগিতার সূচনা দিনে ফুটবল বালক গ্রুপে তিনটি এবং বালিকা গ্রুপে একটি খেলার নিষ্পত্তি হয়।
দিনের প্রথম খেলায় কোতোয়ালী থানার মুসলিম সরকারি স্কুল ৩-২ গোলে পাহাড়তলী থানার পিএইচ আমিন একাডেমীকে, দ্বিতীয় খেলায় মিরশ্বরাই উপজেলার ঝুলনপুল বেনিমাধব স্কুল ৫-১ গোলে ফটিকছড়ি উপজেলার ছিকনছড়া স্কুলকে এবং তৃতীয় খেলায় হাটহাজারী উপজেলার আলীপুর স্কুল ৩-১ গোলে চান্দগাঁও সানোয়ারা ইসলাম স্কুলকে হারায়। পাঁচলাইশ থানার ইমরাতুন্নেছা বালিকা স্কুল ২-১ গোলে পটিয়া উপজেলার কৃষি ইউনিয়ন স্কুলকে পরাজিত করে। এর আগে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্ণেল শাহরীয়ার আহমেদ চৌধুরী প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার হোসনে আরা বেগম, জেলা ক্রীড়া অফিসার এবিএম মাহাবুবুল আলম, কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, স্কুল শাখার উপাধ্যক্ষ রেশমীন আক্তার চৌধুরী, ফুটবল উপ-কমিটির আহবায়ক কলেজের সহযোগী অধ্যাপক মাহাফুজুর রহমান, সদস্য ফরিদ আহমদ, মো. বেলা উদ্দিন, মো. আবুল হোসেনও গোলাম মাওলা প্রমুখ।