তত্ত্বাবধায়ক পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ, পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবি আদায়ের অঙ্গীকারের মধ্য দিয়ে বিএনপির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সকালে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীরা। এ উপলক্ষে শেরে-বাংলা নগরস্থ জিয়ার মাজার প্রাঙ্গণে নেতা-কর্মীদের ঢল নামে। খালেদা জিয়া বেলা সাড়ে ১১টায় মাজারে পৌঁছান। এসময় তার সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ-আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, ওসমান ফারুক, শামসুজ্জামান দুদু, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভুঁইয়া, আবদুস সালাম, খায়রুল কবির খোকন, মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ। পরে বিএনপির অঙ্গসংগঠনগুলো নিজ নিজ দলের পক্ষে পৃথকভাবে মাজারে পুষ্পমাল্য অর্পণ করে। এ উপলক্ষে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। এদিকে, পুলিশের অনুমতি না থাকায় নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি বাতিল করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। মাজার প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)।