দেড় হাজার হজ্ব যাত্রী অনিশ্চয়তার মধ্যে
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৭
এবার দেড় হাজার হজ্ব যাত্রীর হজ্বব্রত পালন অনিশ্চিত হয়ে পড়েছে। নির্ধারিত সময়ে টাকাসহ সবকিছু জমা দিলেও তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। গতকাল রবিবার পুলিশ দেড় হাজার হজ্ব যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং সংশ্লিষ্ট হজ্ব এজেন্সির নামের তালিকা সম্বলিত নেতিবাচক রিপোর্ট ধর্ম মন্ত্রণালয়ে জমা দিয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের সূত্র জানায়, এবার যারা সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ্বে যাচ্ছেন তাদের সবার পুলিশ ভেরিফিকেশন হয়েছে। এর অংশ হিসাবে পুলিশ যে রিপোর্ট দিয়েছে তাতে এক হাজার ৫০১ জনের বিষয়ে বিভিন্ন ধরনের আপত্তি রয়েছে। পুলিশ তাদের রিপোর্টে বলেছে, হজ্বে যাওয়ার জন্য যে বয়স থাকার কথা তার চেয়ে বয়স কম। আবার ব্যাংকে টাকা জমা দেয়া এবং হজ্ব এজেন্সিতে যে ঠিকানা দেয়া হয়েছে পুলিশ ভেরিফিকেশনে তা খুঁজে পাওয়া যায়নি। পুলিশ নতুন ভেরিফিকেশনে হজ্ব যাত্রীর বয়স, আর্থিক ক্ষমতা, আগে হজ্ব করেছেন কি না, হজ্বে গিয়ে ফিরে আসবেন কি না ইত্যাদি জানতে চেয়েছে।
এদিকে হজ্ব অফিসের সূত্র জানায়, যাদের বিষয়ে পুলিশ আপত্তি দিয়েছে তারা এবং সংশ্লিষ্ট হজ্ব এজেন্সিগুলো যাতে দ্রুত যোগাযোগ করে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করতে পারে সে পরামর্শ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া হয়েছে। হজ্ব এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ বা হাব বলছে, দেড় হাজার হজ্ব যাত্রীর ব্যাপারে পুলিশের নেতিবাচক রিপোর্ট অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এ ব্যাপারে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বজলুল হক বিশ্বাস ‘ইত্তেফাক’কে বলেন, পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয়েছে হজ্বের সময় সৌদি আরবে পাচার ঠেকানোর জন্য। প্রতিবছর হজ্বে গিয়ে কেউ কেউ দেশে ফিরে আসেন না। যেসব এজেন্সিগুলোর বিরুদ্ধে আদম পাচারের অভিযোগ রয়েছে তা পুলিশ খতিয়ে দেখেছে। আদম পাচার, রোহিঙ্গা ও বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ রয়েছে শুধু তাদের ক্ষেত্রে পুলিশ রিপোর্টে নেতিবাচক কথা লেখা রয়েছে।
হজ্ব এজেন্সি ও হাবের বক্তব্য হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের পরই পাসপোর্ট ইস্যু করা হয়। কারো সম্পর্কে অভিযোগ থাকলে কিংবা সন্দেহ হলে তখনই পুলিশ ভেরিফিকেশন করা উচিত। আসন্ন হজ্বে বাংলাদেশ থেকে গাইডসহ ৯০ হাজার দুজন সৌদি আরবে যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন এক হাজার ৫৯১ জন। বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব যাত্রীর সংখ্যা হচ্ছে ৮৮ হাজার ৪১১ জন। আগামী ৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে হজ্ব ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ অক্টোবর পালিত হবে পবিত্র হজ্ব।