অবৈধ অভিবাসী ধরতে মালয়েশিয়ায় অভিযান
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৭
মালয়েশিয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে বাংলাদেশিসহ ৭১ অবৈধ অভিবাসী আটক হয়েছেন। প্রশাসনিক রাজধানী পুত্রাজায়া ও এর আশেপাশের এলাকায় অভিযানে আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার ও নেপালের অবৈধ অভিবাসীও রয়েছেন বলে মালয়েশিয়ার বিভিন্ন অনলাইন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে আটক বাংলাদেশিদের সংখ্যা নিশ্চিত করে জানাতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশে চালানো অভিযানে এক হাজারের মতো লোককে আটক করা হয়েছে।
মালয়েশিয়ার দ্য স্টার ডটকম জানায়, অপরাধের হার বৃদ্ধি পাওয়ায় প্রায় সাড়ে চার লাখ অবৈধ অভিবাসী ও তাদের চাকরি দাতাদের ধরতে গতকাল রবিবার এ অভিযান শুরু হয়। দেশটির ইতিহাসে সবচেয়ে বড় এ অভিযান চলবে তিন মাস ধরে। আটক ৭১ জনের মধ্যে ৬০ পুরুষ ও ১১ জন নারী রয়েছে। ওয়ার্ক পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও ভিসার মেয়াদের থেকে বেশি সময় অবস্থান করার কারণে তাদের আটক করা হয়। আটকের পর মুক্তি পাওয়া মানিক শেখ নামে এক বাংলাদেশি শ্রমিক ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, গত ছয় বছরে মালয়েশিয়ায় এমন অভিজ্ঞতা আমার হয়নি।
উল্লেখ্য, বছর খানেক আগে সাধারণ ক্ষমার আওতায় বৈধ হওয়ার সুযোগ দেয়ার পরও দেশটিতে এখনো সরকারি হিসেবে পাঁচ লাখের বেশি অবৈধ শ্রমিক কাজ করছে। বিভিন্ন বাহিনীর প্রায় এক লাখ ৩৫ হাজার সদস্য এ অভিযানে অংশ নিচ্ছে। অবৈধ শ্রমিকদের আটকের পর পরই দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া অবৈধ শ্রমিকদের নিয়োগকারীদের দেশটির আইন অনুযায়ী জরিমানা করা হবে।