সব দলের মত নিয়েই তফসিল ঘোষণা করবে ইসি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৯
সবার অংশগ্রহণ নিশ্চিত করতে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের মতামত নিয়েই আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। তফসিলের আগে কোন রাজনৈতিক দল ও ব্যক্তি নির্বাচনী প্রচার-প্রচারণা চালালে সেক্ষেত্রে নজরদারি করার এখতিয়ার ইসির নেই। গতকাল রবিবার দুপুরে শেরেবাংলা নগরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মোঃ শাহ নেওয়াজ এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, সবদল নির্বাচনে যাওয়ার ব্যাপারে একমত হলে দলগুলোর সঙ্গে পরামর্শ করে নির্বাচনের তারিখ নির্ধারণে ইসি উদ্যোগী হবে। সবাই নির্বাচনমুখী হলে, ঐকমত্য হলে ওই তারিখে ভোট হবে। আমরা সে অনুযায়ী তফসিল ঘোষণা করতে পারি। আমরা আশা করি, সব দলই নির্বাচনমুখী হবে। রাজনৈতিক দলগুলোর সুবিধা ও অসুবিধা দেখেই তারিখ দেব। নির্বাচনকে সুষ্ঠু করতে সবার সঙ্গে আলাপ করে তারিখ নির্ধারণ করতে পারি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নির্বাচনের বিধি ভঙ্গ করে দেশের বিভিন্ন প্রান্তে সরকারি খরচে জনসভা করে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেন, তফসিল ঘোষণার পরে আচরণবিধি কার্যকর শুরু হয়। এর আগে কার্যকর করা সম্ভব নয়।
সংবিধান অনুযায়ী আগামী ২৬ অক্টোবর থেকে পরের বছরের ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচনের নির্বাচনী কার্যক্রম শুরু হবে। এসবের জন্য আমরা সহসাই বৈঠকে বসবো এবং সেখানে নির্বাচনের বিষয়ে আলোচনা করা হবে। তবে সরকারের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করা হবে।
এক প্রসঙ্গে তিনি বলেন, বিবদমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিকভাবেই তাদের সমঝোতায় পৌঁছতে হবে। এক্ষেত্রে ইসির করণীয় কিছু নেই।
নির্বাচন নিয়ে কমিশনে অনিশ্চয়তা আছে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন নিয়ে আমরা কোন অনিশ্চয়তায় ভুগছি না। শেষ পর্যন্ত সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করি।
আরপিও সংশোধনের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা আরপিও সংশোধনের খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তারা খসড়া দেখে তা সংসদে পাঠাবে। এই আরপিও দিয়ে নয়টি নির্বাচন হয়েছে। সুতরাং এটা সংশোধন না হলে কোন জটিলতা দেখা দেবে বলে মনে হয় না।