মাওয়া-কাওড়াকান্দি রুটে আজ থেকে লঞ্চ চলাচল শুরু
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২৩:২০
মাওয়া-কাওড়াকান্দি রুটে ১১ দিন বন্ধ থাকার পর লঞ্চ চলাচল আজ সোমবার থেকে ফের শুরু হচ্ছে। গতকাল রবিবার রাতে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সঙ্গে তার কার্যালয়ে সংশ্লিষ্ট লঞ্চ মালিক সমিতির বৈঠক শেষে এই সিদ্ধান্ত হয়। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. খন্দকার সামসুদ্দোহা জানান, এমভি শাহ পরানের এই রুটে চলাচল নিয়ে সঙ্কট সৃষ্টি হয়, সেটিও তিন দিন পর থেকে চলাচল করবে।
লঞ্চ মালিক মো. ইকবাল হোসেন জানান, ইতিমধ্যেই কয়েকটি লঞ্চের পারমিট বাতিলসহ নানা রকম শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। সেগুলোও বিধি মোতাবেক শিথিল করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এই রুটে বর্তমানে ৮৬টি লঞ্চ চলাচল করছে। এমভি শাহ পরান এই রুটে যুক্ত হলে এই সংখ্যা দাঁড়াবে ৮৭।
বৈঠকে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি মাওয়া জোনের সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী, বাংলাদেশ লঞ্চ মালিক অভ্যন্তরীণ যাত্রী পরিবহন সংস্থার মাওয়া জোনের সভাপতি মো.খলিলুর রহমানসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ অংশ নেন।
গত ২২ আগস্ট কাওড়াকান্দি ঘাট থেকে এমভি শাহ পরান নামের লঞ্চটি মাওয়া ঘাটে আসলে শ্রমিকরা তা ভাংচুর করে আটকে রাখে। এই ঘটনাকে কেন্দ্র করে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।