সালাউদ্দিন কাদেরকে মুক্তি না দিলে কোর্ট উড়িয়ে দেয়ার হুমকি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২৩:৩১
মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মুক্তি দেয়া না হলে বোমা হামলার হুমকি দিয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মীর রুহুল আমিনের বরাবরে ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে। গতকাল রবিবার দুপুর সোয়া ১২টায় চিঠিটি পাওয়া যায়। এরপর বিচারক নিরাপত্তা চেয়ে সিএমপি কমিশনার ও এসপির কাছে চিঠি পাঠিয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি জিডি করা হয়েছে।
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পিএ মো. বদরুদ্দোজা ইত্তেফাককে বলেন, চিঠিটি আমি গ্রহণ করার পর স্যারকে দিয়েছি। চিঠিতে উল্লেখ রয়েছে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মুক্তি দেয়া না হলে আদালত ভবনসহ বিভিন্ন স্থাপনা উড়িয়ে দেয়া হবে। বিচারককে মেরে লাশ পরিবারের কাছে পাঠানো হবে। এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি (তদন্ত) বলেন, চিঠি দেয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চিঠিতে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।