সিরিয়ায় হামলার বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

সিরিয়ায় মার্কিন হামলার বিরুদ্ধে শান্তিকামী জনতার ব্যানারে শনিবার হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় হামলার জন্য কংগ্রেসের অনুমোদন নেয়ার ঘোষণা দেয়ার পরপরই বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের সামনে জড়ো হতে শুরু করে। পলিটিকো ডটকম জানায়, বিভিন্ন ব্যানার ও প্লাকার্ড নিয়ে শতাধিক বিক্ষোভকারী হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করলে পুলিশ তাদের গতিবিধি একটি গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে। পুলিশ অন্য বিক্ষোভকারীদের হোয়াইট হাউসের সামনে আসতে বাধা দেয়। সাংবাদিকদেরও সেখানে ঢুকতে বাধা দেয়া হয়। বাধা পেয়ে বিক্ষোভকারীরা আরো মরিয়া হয়ে ওঠে সেখানে যোগদান করার জন্য। ‘সিরিয়ার গায়ে হাত দিও না’, ‘সিরিয়ায় যুদ্ধ নয়’, ‘বোমা মেরে মানুষকে রক্ষা করা যায় না’ ইত্যাদি লেখা প্লাকার্ড হাতে নিয়ে তারা শ্লোগান দিতে থাকে। জানা গেছে, যুদ্ধবিরোধী গ্রুপ ‘কোড পিংক’ এবং ‘আনসার কোয়ালিশন’ এই বিক্ষোভের আয়োজন করে। এক বিক্ষোভকারী মেগাফোনের মাধ্যমে তাদের কর্মসূচি ঘোষণা করতে থাকেন। তিনি বলেন, আরেকটি দেশে গিয়ে বোমাবর্ষণের বিরোধিতায় প্রতিদিন এই স্থানে বিক্ষোভের আয়োজন করা হবে। তবে আরেকটি গ্রুপ একটু দূরে সিরিয়া সরকারের রাসায়নিক হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকে। এই দলে ছিল গোটা পঞ্চাশেক অংশগ্রহণকারী। তারা আসাদ সরকারের পতন ঘটানোর দাবি জানাতে থাকেন।