বনশ্রী প্রধান সড়কটি প্রশস্ত করুন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২১:১১
যানজট নিরসনে ঢাকা শহরে বেশ ক’টি দীর্ঘ ফ্লাইওভার নির্মাণ করা হলেও তীব্র যানজটপূর্ণ রামপুরা-বাড্ডা এলাকার প্রধান সড়কে তা করা হয়নি। যা খুবই প্রয়োজন। ঢাকা শহরের নতুন বিনোদন চমক ও পূর্ব-পশ্চিম যোগ-সংযোগ নয়নাভিরাম হাতিরঝিলের পূর্বাংশে রামপুরা ব্রিজ। গুলশান, তেজগাঁও ও মগবাজারসহ পশ্চিমের বিভিন্ন জায়গার যানবাহনগুলো হাতিরঝিল হয়ে সহজে যাতায়াতের কারণে বাড্ডা ও রামপুরার প্রধান সড়কটিতে আগের চেয়ে যানজট অনেকগুণ বেড়ে গেছে। ব্রিজের দুই প্রান্তে সুবিশাল বনশ্রী ও আফতাবনগর হাউজিং-এর নির্মাণাধীন ইউলুপ (ওভারপাস)-এর মুখের পর থেকে পরবর্তী অভ্যন্তরীণ রাস্তায় গাড়ি চলার সক্ষমতা যথেষ্ট সংকীর্ণ। এতে যানজট আরো তীব্রতর হবে। রামপুরা ব্রিজ থেকে পূর্বদিকে খালের ওপর দিয়ে মেরাদিয়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার বক্সকালভার্ট নির্মাণ করা হলে বনশ্রী প্রধান সড়কটি বর্তমানের চেয়ে অন্তত দ্বিগুণ প্রশস্ত হয়। আর তা করা হলে ১) বর্তমান ব্রিজ সংলগ্ন বনশ্রী প্রবেশমুখে নির্মাণাধীন ইউলুপ ও সড়কের গাড়িগুলো বিনা যানজটে দ্রুত চলে যেতে সক্ষম হবে, ২) দক্ষিণ ঢাকা শহরগামী আফতাবনগর ও বনশ্রীসহ আশেপাশের গাড়িগুলো রামপুরা প্রধান সড়ক স্পর্শ না করে বিকল্প হিসেবে দক্ষিণ বনশ্রী হয়ে কমলাপুর, মতিঝিল, যাত্রাবাড়ি ও সদরঘাটসহ বিভিন্ন এলাকায় যেতে পারবে ৩) ডেমরা থেকে হয়ে আসা বনশ্রীর শেষ পূর্বাংশে নতুন সংযোগকৃত নির্মাণাধীন রাস্তা দিয়ে চট্টগ্রাম ও সিলেটসহ পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে যাবার পথও অনেক সুগম হবে। অন্যদিকে রামপুরা, বাড্ডা, হাজিপাড়া ও মালিবাগের রাস্তায় যানবাহনের চাপ কমে যাবে। তাই উল্লিখিত সুপারিশটুকু বিবেচনায় এনে রামপুরা ব্রিজ থেকে খালের ওপর দিয়ে মেরাদিয়া পর্যন্ত দ্রুত বক্স কালভার্ট নির্মাণ করে বনশ্রী প্রধান সড়কটি মেরাদিয়া বাজার পর্যন্ত প্রায় দ্বিগুণ প্রশস্ত করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর (ডিসিসি পূর্ব/ রাজউক, ওয়াসা)-এর দৃষ্টি আকর্ষণ করছি।
নূরুল আলম,
বাড়ি এ/১৩, সড়ক ২, বনশ্রী রামপুরা, ঢাকা