এশিয়া কাপ ফেব্রুয়ারিতেই
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৯
আগামী নভেম্বরে ভারতে সফর করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ক্যারিবিয়ানদের সাথে সিরিজ শেষ করেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ভারত ত্যাগ করবে ধনির দল। ফেব্রুয়ারির ১৮ তারিখের মধ্যে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে। আইসিসি সূচী অনুযায়ী ফেব্রুয়ারিতে ভারতের নিউজিল্যান্ড সফরের কথা ছিল। কিন্তু আফ্রিকার সাথে সৃষ্ট জটিলতার কারণে আফ্রিকা সফর বাতিল করে নিউজিল্যান্ড সফরের দিন তিন সপ্তাহ এগিয়ে নিলো ভারত। দক্ষিণ আফ্রিকার সাথে ভারতের খেলা অনিশ্চিত হয়ে গেলেও সুসংবাদ আছে বাংলাদেশের জন্য। বাংলাদেশের সুসংবাদের কারণ হলো, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু হবে এশিয়া কাপ টুর্নামেন্ট।
এশিয়া কাপ আয়োজনে বড় বাধা ছিল ভারতের সফরসূচী সংক্রান্ত জটিলতা। এই জটিলতার অবসান তো হলো! এর আগে দক্ষিণ আফ্রিকা গত জুলাই মাসে ভারতের সাথে তাদের ম্যাচগুলোর সূচী প্রকাশ করে। এই সূচী অনুযায়ী ২১ নভেম্বর থেকে ১৯ জানুয়ারির মধ্যে ভারতের সাথে দুটি টি-টোয়েন্টি, সাতটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলার কথা ছিল প্রোটিয়াদের। আর ভারতের দিক থেকে বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ভারতের সাথে আলোচনা না করেই এই সূচী প্রকাশ করেছে। ধারণা করা হয়, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের নতুন প্রধান হারুন লরগাতের সাথে বিসিসিআই’র সম্পর্কের শীতলতার জের ধরেই দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে ভারত। ২০১৪ সালের জুন মাসে ভারতের ক্রিকেট দল একটি টি-টোয়েন্টি এবং পাঁচটি করে ওয়ানডে ও টেস্ট এবং খেলার জন্য ইংল্যান্ড সফর করবে।