‘তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা চূড়ান্ত নভেম্বরে’
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩১
আগামী নভেম্বরের মধ্যেই তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিন। তিনি বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৩ বাস্তবায়নের জন্য বিধিমালার খসড়া তৈরি হয়েছে। এটি আরো যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত করতে অন্তত ২ মাস সময় দরকার। জেলার এক হোটেলে গত রবিবার ‘বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল লিডারশিপ প্রোগ্রামে’র উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কক্সবাজারের এক হোটেলে আয়োজিত পাঁচ দিনব্যাপী লিডারশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব ছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. থুসারা ফার্ণান্দো এবং জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অ্যান্ড পাবলিক হেলথের (জেএইচএসপিএইচ) বিজ্ঞানী স্টিভ এ টাম্পলিন। জেএইচএসপিএইচ’র সহযোগিতায় বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এ কর্মশালার আয়োজন করেছে। আগামী বৃহস্পতিবার কর্মশালা শেষ হবে।