তৃণমূলের সম্মতির বাইরে কেউ মনোনয়ন পাবে না
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৩
যত প্রভাবশালী লোকই হন, মন্ত্রী হন, এমপি হন, কিংবা কেন্দ্রীয় নেতাই হন না কেন, এটা তার মনোনায়ন পাওয়ার গ্যারান্টি নয়। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগে তৃণমূলের নেতাকর্মীদের সম্মতির বাইরে এবার কেউ মনোনয়ন পাবে না। গত রবিবার ফেনীতে এ কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
রবিবার সকালে ফেনীর একটি কমিউনিটি সেন্টারে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীসমাবেশের মাধ্যমে জেলা পর্যায়ের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ওবায়দুল কাদের।
ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে কর্মীসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল। জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির উপ-সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহান আরা বেগম সুরমা, জেলার ৬টি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সহযোগী সংগঠনের জেলা সভাপতি।