প্রাইভেট না পড়ায় প্রধান শিক্ষকের প্রহার!
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৩
প্রাইভেট পড়তে রাজি না হওয়ায় গত শনিবার নাটোরের গুরুদাসপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র তারেক ও সৈকতকে বেত্রাঘাতে রক্তাক্ত জখম করেছে ওই স্কুলের প্রধান শিক্ষক। প্রহূত তারেকের পিতা আব্দুল মালেক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষক গোলাম মর্তুজা ওই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রদের প্রাইভেট পড়ান। প্রহূত ছাত্র তারেক ও সৈকত তার কাছে প্রাইভেট পড়তে রাজি না হওয়ায় মাঝে মধ্যেই তিনি তাদের মারধর করতেন। বিষয়টি তারা অভিভাবকদের জানায়। অভিভাবকরা বিষয়টি স্কুল পরিচালনা কমিটিকে অবহিত করে। এতে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে শনিবার ক্লাস চলার সময় তাদেরকে প্রহার করেন। ঘটনার পর থেকে তারেক ও সৈকত স্কুলে যেতে ভয় পাচ্ছে। প্রধান শিক্ষক গোলাম মর্তুজা বলেছেন, পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় তাদের বেত্রাঘাত করা হয়েছে। তবে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুস সাত্তার ঘটনার সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার জানিয়েছেন, তদন্ত করে শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।