ফের মুখরিত হচ্ছে আবু নাসের স্টেডিয়াম
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৬
আট মাস পর আবার ক্রিকেটে মেতে উঠতে যাচ্ছে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়াম। আজ থেকে এখানে তিন দিনের এক অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের দল। গতকাল সোমবার সকালে এই ম্যাচে অংশ নিতে খুলনায় এসে পৌঁছেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। আজ সকাল ৯টা থেকে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সবুজ ও বিসিবি লাল দলের মধ্যে এই ম্যাচটি।
এই ম্যাচ উপলক্ষে এরই মধ্যে প্রস্তুত করে ফেলা হয়েছে খুলনার এই ভেন্যুটিকে। ভেন্যু ম্যানেজার আব্দুস সাত্তার কচি বললেন, দীর্ঘদিন খেলা না হওয়ায় প্যাভিলিয়নের কিছু সমস্যা তৈরি হয়েছিল। সেসব সমস্যা দূর করে মাঠকে সম্পূর্ণভাবে খেলার উপযোগী করা হয়েছে। নিউজিল্যান্ড সফরের আগে ম্যাচটিকে বেশ গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটাররা। কারণ গত প্রায় এক মাসের অনুশীলনের প্রাপ্তি এ ম্যাচেই প্রমাণ করতে চাইবেন তারা। এদিকে দীর্ঘদিন পর শেখ আবু নাসের স্টেডিয়ামে খেলা হওয়ায় উজ্জীবিত হয়ে উঠছেন খুলনার স্থানীয় দর্শক ও ক্রিকেটাররা। উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পরে কোন খেলা হয়নি এ মাঠে। ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ বাংলাদেশ সফরের সময় টেস্ট ভেন্যুর মর্যাদা পেয়েছেন খুলনার এই স্টেডিয়ামটি। আগে-পরে সবসময়ই খুলনায় ক্রিকেট দেখতে উত্সাহী দর্শকের অভাব ছিল না। তাই এবারও এই অনুশীলন ম্যাচে দর্শকের আগ্রহ থাকবে বলেই স্থানীয় সংগঠকরা মনে করছেন।