যৌতুকের নেশায় ১০ম স্ত্রীকেও তাড়িয়ে দিয়েছে

নওগাঁর আত্রাইয়ে ১০ম বিয়ে করেও স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতন করে বাড়ি ছাড়া করেছে পাষণ্ড এক স্বামী। সে ইতিপূর্বে আরও ৯ জন স্ত্রীকে একই কায়দায় বাড়ি ছাড়া করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বর্তমানে ১০নং স্ত্রী সাফিনা বেগম (২৫) তার পিত্রালয়ে আশ্রয় নিয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের কুমঘাট গ্রামে। গত রবিবার সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার গন্ডগোহালী গ্রামের সেকেন্দার মৃধার স্বামী পরিত্যক্ত কন্যা সাফিনা বেগমের (২৫) প্রায় ১বছর পূর্বে বিয়ে হয় একই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের কুমঘাট গ্রামের মছিরউদ্দীনের পুত্র বাবু মিয়ার (৩৪) সাথে। বিয়ের আগে সাফিনার পরিবার জানতো না বাবু আরও ৯জন মেয়েকে বিয়ে করে তাদেরকে যৌতুকের দাবিতে নির্যাতন করে বাড়ি ছাড়া করেছে। এ বিয়েতে যৌতুকের কোন আলোচনা না থাকলেও বিয়ের পরপরই বাবুর আসল চরিত্র প্রকাশ পেতে থাকে। সে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় সাফিনার উপর চালাতে শুরু করে অমানুষিক নির্যাতন। সমপ্রতি ব্র্যাকের এক সভায় বিষয়টি জানতে পেরে এটাকে আমলে নেয় ব্র্যাক কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পক্ষ থেকে নির্যাতিতা গৃহবধূর চিকিত্সার জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান ব্র্যাক আত্রাইয়ের মাঠ সংগঠক রেজাউল করিম ছিদ্দিকী। ব্র্যাকের মানবধিকার ও আইন সহায়তা কর্মসূচি কেন্দ্রে বিচার প্রার্থী হয়ে তিনি একটি লিখিত অভিযোগ করেছেন। কুমঘাট গ্রামের ব্র্যাক কর্মী সনি বলেন, বাবুর নির্যাতন সভ্য সমাজকে হার মানিয়েছে।