দুর্বৃত্তরা ১১ বিঘার কুলগাছ কেটে দিয়েছে
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৮
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের কুলচাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। শত্রুতাপূর্বক একটি চিহ্নিত চক্র একের পর এক অপর গ্রুপের লোকজনের ফলন্ত কুলবাগান কেটে দিচ্ছে। গত দু’দিনে ৬ কৃষকের ১১ বিঘা ক্ষেতের প্রায় ১ হাজার কুলগাছ কেটে সাবাড় করে দিয়েছে।
এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে কুলচাষিরা। তবে দুর্বৃত্তদের ভয়ে রাতে কেউ কুলবাগান পাহারা দিতে যাওয়ার সাহস করছে না বলে অভিযোগ করা হয়েছে। গঙ্গাদাসপুর গ্রামের কুলচাষি শামসুল হক (৬০) অভিযোগ করে বলেন, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামে বিবদমান দু’টি গ্রুপ রয়েছে।
জোতদার গ্রুপ আক্রোশে তাদের ফলন্ত কুলবাগান কেটে দিয়ে মারাত্মক ক্ষতি করে দিচ্ছে। শনিবার রাতে জামাত আলীর ৩ বিঘা, গোলাম মোস্তফার ১০ কাঠা, আব্দুলের ১০ কাঠা ও তার নিজের ১ বিঘা জমির কুলগাছ দুর্বৃত্ত দল কেটে সাবাড় করে দিয়েছে। এ ঘটনায় তাদের প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে একই গ্রামের মাঠে হাবিবুর রহমানের ৩ বিঘা, নূরুল আমিনের আড়াই বিঘা, আশাদুল ইসলাম গোলদারের আড়াই বিঘা জমির ফলন্ত কুলগাছ কেটে বিনষ্ট করে। কুলচাষিরা অভিযোগ করে বলেন, রাতে দুর্বৃত্ত দল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধভাবে এ কাজ করতে থাকায় প্রাণভয়ে তারা কুলক্ষেত পাহারা দিতে সাহস করছে না।