গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা

রংপুরের কাউনিয়ায় স্বামীর নির্মম নির্যাতনের হাত থেতে রক্ষা পেতে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা চেষ্টার ঘটনায় পুলিশ শ্বশুর ফয়সালকে আটক করেছে । পারিবারিক সূত্রে জানা যায়, মাদারগঞ্জ এলাকার সাবেদ আলীর মেয়ে শান্তনা বেগমের ১৩ বছর আগে বিয়ে হয় কাউনিয়া উপজেলার কাচু কাজীটারী গ্রামের ফয়সাল মিয়ার ছেলে আজিজুর রহমানের সাথে। গরীব ঘরে বিয়ে হওয়ায় আজিজুর নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়ে। এতে তার সংসারে সচ্ছলতা আসলেও মানসিক ভাবে ভেঙ্গে পড়ে আজিজুর, এরই মাঝে তাদের ঘরে আসে দুইটি সন্তান। সম্প্রতি সে অবৈধ কাজগুলো বন্ধ করলে তাদের দাম্পত্য জীবনে আসে অন্ধকার। অভাবি সংসারে টানাপড়েন দেখা দিলেও শান্তনা তার স্বামীর সাথে ঝগড়ায় জড়িয়ে পড়তো। সর্বশেষ গত মঙ্গলবার গভীর রাতে সামান্য বিষয়ে ঝগড়া বিবাদকে কেন্দ্র করে আজিজার ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করে। স্বামীর নির্যাতন সইতে না পেরে পরের দিন বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় শান্তনা। এতে তার দুই হাত, মুখ, গলা, বুকসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়। খবর পেয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা পিপিএম ঘটনাস্থল পৌঁছে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। বর্তমানে শান্তনা বেগম বার্ন ইউনিটে চিকিত্সাধীন আছে। এদিকে এই ঘটনার পর স্বামী আজিজার রহমান এবং শ্বশুর ফয়সাল গা ঢাকা দেয়। পরে গত বৃহস্পতিবার গভীর রাতে থানা পুলিশ আজিজুর রহমানকে না পেয়ে তার বাবা ফয়সালকে আটক করে।