বিয়ের আসরে বরের কারাদণ্ড
বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩০
বদরগঞ্জে বাল্যবিয়ে করতে এসে বরকে সাতদিনের কারাদণ্ড ভোগ করতে হয়েছে। সাজাপ্রাপ্ত বরকে গতকাল সোমবার রংপুর জেল-হাজতে প্রেরণ করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার কালুপাড়া ইউনিয়নের কবিরাজপাড়ার আবু তাহের আলীর কলেজ পড়ুয়া ছেলে ওবায়দুল হকের (২৩) সাথে পার্শ্ববর্তী বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর শাহাপাড়ার একরামুল হকের মেয়ে ওসমানপুর মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী আফরোজা খাতুনের(১৩) বিয়ে ঠিক হয়। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি জানতে পেরে উভয়পক্ষকে ওই বিয়ে না দেয়ার নির্দেশ দেন। কিন্তু তাঁর নির্দেশ অমান্য করে গত রবিবার মেয়ের বাড়িতে রাতে বিয়ের আসর বসানো হয়। খবর পেয়ে বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত নিয়ে হাজির হন। আদালতের উপস্থিতি টের পেয়ে মেয়ের বাবা-মা পালিয়ে গেলেও বিয়ের আসরে আটক হন বর ওবায়দুল হক।
ঘটনাস্থলে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ওবায়দুলকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বিয়ে ভেঙ্গে যাওয়ার পর আফরোজা খাতুন বলে, আমি অল্পবয়সে বিয়ের পিঁড়িতে বসতে যাইনি, বাবা-মা আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করেছিল। বিয়ে না হওয়ায় আফরোজা নতুন করে জীবন ফিরে পেলো বলে সে সাংবাদিকদের জানায়।