নারায়ণগঞ্জে স্কুলছাত্রী হত্যায় ২ জনের ফাঁসি

নারায়ণগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার হত্যার দায়ে জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার নারায়ণগঞ্জ ২নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফউজুল আজিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো আড়াইহাজার উপজেলার সদর ইউনিয়নের নাগরপাড়া ফাইতাদি গ্রামের আবদুস সাত্তারের ছেলে আবু মিয়া (২৩) ও একই গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে নাসির (২২)। নাসির পলাতক আছে। নারায়ণগঞ্জের এপিপি কে এম ফজলুর রহমান জানান, আবু ২০১০ সালের ১৭ আগস্ট প্রতিবেশি সাদিয়াকে ডেকে নিয়ে খুন করে। গণধোলাইয়ের পর তার স্বীকারোক্তি মোতাবেক সন্ধ্যা ৬টার দিকে একই এলাকার ধানক্ষেতে বালু চাপা দেয়া অবস্থায় সাদিয়ার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের চাচা স্বপন মিয়া বাদী হয়ে আবু ও নাসিরকে আসামি করে মামলা করেন। তবে হত্যাকাণ্ডের পর থেকে নাসির পলাতক রয়েছে। পরে আবু আদালতে দেয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আবু স্বীকার করে যে, সাদিয়ার কানে থাকা দুটি স্বর্ণের দুলের জন্য তাকে হত্যা করা হয়েছে। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সুলতানুজ্জামান।