বঙ্গবন্ধু মেডিক্যালে শিশুদের বাঁকা পায়ের চিকিত্সা
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৪
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শিশুদের বাঁকা পা বা মুগুর পায়ের চিকিত্সা প্রদান করা হচ্ছে। ২০১০ সালের ১৪ মার্চ থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ২৬৪ শিশুকে বাঁকা পায়ের (মুগুর পা) চিকিত্সা দেয়া হয়েছে। এই কার্যক্রমে সহায়তা করছে দি গ্লেনকো ফাউন্ডেশন (ওয়াক ফর লাইফ)।
হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের উদ্যোগে অপারেশনের মাধ্যমে শিশুদের বাঁকা বা মুগুর পা সারিয়ে তোলা হচ্ছে। রবিবার সকালে অর্থোপেডিক সার্জারি বিভাগে হাসপাতাল কর্তৃপক্ষ ও দি গ্লেনকো ফাউন্ডেশনের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এবং গ্লেনকো ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন সংস্থার প্রতিষ্ঠাতা কলিন ম্যাকফারলেন। - প্রেস বিজ্ঞপ্তি