তুহিনের ওপর শিবিরের হামলার প্রতিবাদে জবিতে ছাত্রলীগের মানববন্ধন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৪
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল তুহিনের ওপর শিবির সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে জবি ছাত্রলীগ গতকাল সোমবার বেলা ১১টায় জবি ক্যাম্পাসে মানববন্ধন করে। এতে বাংলাদেশ ছাত্রমৈত্রী, জবি আবৃত্তি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীসহ অন্যান্য সংগঠন সংহতি প্রকাশ করে।
জবি ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতা-কর্মীরা এতে উপস্থিত ছিলেন। মানববন্ধনে জবি ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম বলেন, অবিলম্বে হামলাকারী শিবির ক্যাডারদের গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মানববন্ধনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় রিপোর্টার জানান, ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তুহিনসহ কয়েকজন নেতার ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তি দাবিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন করেছে ছাত্র সংগ্রাম পরিষদ ও ছাত্রলীগ। গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে ছাত্র সংগ্রাম পরিষদ। মানববন্ধনে পরিষদের সমন্বয়ক ও ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, সাম্প্রতিক সময়ে জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির দেশে জঙ্গীবাদ উত্থানের লক্ষ্যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও জঙ্গী তত্পরতা চালাচ্ছে। একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগ্রাম পরিষদ ও ছাত্রলীগ মানববন্ধন করেছে বলে জানিয়েছেন ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল।