বিচারের মুখোমুখি হচ্ছেন মুরসি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৮
বিক্ষোভকারীদের হত্যা ও সহিংসতায় প্ররোচনা দেয়ার অভিযোগে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বরাতে মিসরের রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম গত রবিবার এই তথ্য প্রকাশ করেছে। তবে কবে এই বিচার কার্যক্রম শুরু হবে সে ব্যাপারে কিছু জানায়নি ওই গণমাধ্যম।— খবর বিবিসির।
গত ৭ ডিসেম্বর কায়রোতে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে সহিংস ঘটনার সঙ্গে মুরসির সম্পৃক্ততা রয়েছে এমন অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। মুরসির পদত্যাগের দাবিতে গত ডিসেম্বরের প্রথম থেকে মুরসি বিরোধীরা প্রেসিডেন্ট প্রাসাদের সামনে বিক্ষোভ শুরু করে। পরে মুরসি সমর্থকরা তাদের উপর হামলা চালায়। লাখো মানুষ ওই বিক্ষোভে অংশ নেয়। অভিযোগ উঠেছে মুরসিই তার সমর্থক ও সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছিল বিক্ষোভকারীদের সরিয়ে দিতে। ওই ঘটনায় সাতজন নিহত হয়েছে। মুসলিম ব্রাদারহুডের আরো ১৪ জনের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে।
গত ৩ জুলাই ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একটি গোপন স্থানে বন্দি আছেন মিসরের এই সাবেক প্রেসিডেন্ট। মুরসি সমর্থকরা তার পূর্ব পদে ফিরিয়ে দেয়ার জন্য বিক্ষোভ করলে সামরিক বাহিনী সমর্থিত অন্তর্বর্তী সরকার ব্যাপক ধরপাকড়ের নির্দেশ দেয়। মুরসির বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আনা হলেও হত্যা মামলায় তাকে সবার আগে বিচারের মুখোমুখি করা হবে।