প্রধানমন্ত্রী কক্সবাজার যাচ্ছেন আজ
রামু ও উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার কক্সবাজার যাচ্ছেন। তিনি জেলার রামু ও উখিয়ায় নবনির্মিত ১৯টি বৌদ্ধ বিহার ও মন্দির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। গত বছর জেলার রামু, উখিয়া ও টেকনাফে সামপ্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত এসব বৌদ্ধ বিহারের পুনর্নির্মাণ কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে। একদিনের এ সফরে প্রধানমন্ত্রী জেলার ৩৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ছাড়াও রামুর ‘সীমা বিহারে’ কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানে অংশ নিবেন এবং উখিয়ায় দলীয় জনসভায় ভাষণ দেবেন।
গত বছরের ২৯ ও ৩০ সেপ্টেম্বরে রামু ও উখিয়ায় সেই ঘৃণ্য সাম্প্রদায়িক হামলার পর কাজের স্বচ্ছতা ও সৌর্ন্দযের কথা চিন্তা করে বিহারগুলো নির্মাণের দায়িত্ব দেয়া হয় সেনাবাহিনীকে। সেনাসদস্যদের অক্লান্ত পরিশ্রমে মাত্র ছয় মাসেই ধ্বংসস্তূপের মাঝে মাথা তুলে দাঁড়িয়েছে ১৯টি দৃষ্টিনন্দন বৌদ্ধ বিহার। এতে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হয়েছে। ছয় ঘন্টার সফরের শুরুতেই প্রধানমন্ত্রী এসব বৌদ্ধ বিহার উদ্বোধন করবেন। উদ্বোধনের পরেই নবনির্মিত বিহারগুলো প্রার্থনার জন্য খুলে দেয়া হবে। এজন্য রামুর মেরংলোয়া, উত্তর মিঠাছড়ি, হাইটুপি ও শ্রীকুল গ্রামসহ বৌদ্ধপল্লীগুলোতে এখন চলছে উত্সবের আমেজ।
কক্সবাজার জেলা প্রশাসক জানান, রামু এবং উখিয়ার নবনির্মিত বৌদ্ধ বিহার ছাড়াও প্রধানমন্ত্রী খুরুস্কুল- চৌফলদণ্ডী সংযোগ সেতু, প্যাঁচারদ্বীপে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশন, টেক্সটাইল ইনস্টিটিউট, চকরিয়া খাদ্য গুদাম ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ প্রায় ৩৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এজন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। এর আগে প্রধানমন্ত্রী মঞ্চের পাশে নির্মিত বিশালাকার ফলকে ৩৭টি উন্নয়ন প্রকল্প ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সুইচ টিপে উদ্বোধন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর আগমন ও বিদায় পর্যন্ত সময়টুকু সুশৃংখলভাবে অতিবাহিত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রামু ও উখিয়ায় বিরাজ করছে উত্সবের আমেজ। চারদিকে সাজ সাজ রব। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অসংখ্য ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে রামু ও উখিয়ার সড়ক, উপ-সড়ক আর অলি-গলি। চলছে রাস্তাঘাট সংস্কারের কাজও। প্রতিদিন চলছে আনন্দ মিছিল ও স্বাগত শোভাযাত্রা।
রামু (কক্সবাজার) সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথেরর সাথে গতকাল পৃথকভাবে সৌজন্য সাক্ষাত্ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শেখর ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য বান্দরবান উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি।