লোকসভাতেও নোংরা ভাষা!

ভারতের লোকসভায় নোংরা ভাষা ব্যবহারের ঘটনা ঘটেছে। আর এ কারণে বাধ্য হয়ে পার্লামেন্টের স্পীকার অধিবেশন মুলতবি করে দেন। বিশৃঙ্খলা সৃষ্টির কারণে গতকাল সোমবার পার্লামেন্টে নয়জন সংসদ সদস্যের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেন স্পীকার। অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টির চারজন এবং কংগ্রেসের পাঁচজনের পদ সাময়িক স্থগিত করা হয়। অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানাকে পৃথক করার বিষয়ে আলোচনা করতে গেলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। বিতর্ক সৃষ্টির এক পর্যায়ে সংসদ সদস্যরা নোংরা ভাষা ব্যবহার করেন। স্পীকার মীরা কুমার বারবার নিষেধ করলেও তারা কর্ণপাত করেননি। বাধ্য হয়ে পার্লামেন্ট গতকাল দুপুর দুইটা পর্যন্ত মূলতবি করেন স্পীকার। কিন্তু সদস্য পদ স্থগিত করার প্রতিবাদে দেশম পার্টির চারজন সংসদ সদস্য পার্লামেন্টে দাঁড়িয়ে থাকেন। তাদেরকে বের হওয়ার নির্দেশ দিলেও তারা প্রতিবাদ করতে থাকেন। দুপুরের পরে অধিবেশন বসার পর ডেপুটি স্পীকার কারিয়া মুন্দা দেশম পার্টির চারজনকে পার্লামেন্ট থেকে চলে যাওয়ার অনুরোধ করলে তারা চলে যান। এরপর বামপন্থী সংসদ সদস্যরা পেট্রোলের মূল্য বৃদ্ধির বিষয়টি লোকসভায় উত্থাপন করেন। ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) দেশম পার্টির সংসদ সদস্যদের শাস্তি দাবি করে। এর আগেও একবার ওই নয়জনের সংসদ সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরে ডেপুটি স্পীকার আজ মঙ্গলবার পর্যন্ত পার্লামেন্টের অধিবেশন মূলতবি করেন। -জি নিউজ