মাওয়া-কাওড়াকান্দি রুটে লঞ্চ চলাচল শুরু

১১ দিন বন্ধ থাকার পর গতকাল সোমবার সকাল থেকে মাওয়া-কাওড়াকান্দি রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এম এল মায়ের দোয়া নামে একটি লঞ্চ গতকাল সকাল সোয়া ৭টায় মাওয়া ঘাট থেকে ছেড়ে গেছে। একই সময় কাওড়াকান্দি থেকে এম এল শিবচর মাওয়ার উদ্দেশে রওনা হয়। এতে মাওয়া লঞ্চ ঘাটে আবারও কর্ম ব্যস্ততা ফিরে এসেছে। একই সাথে কোন প্রকার আদেশ ছাড়া সংশ্লিষ্ট ট্রাফিক ইন্স্পেক্টরকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে সদ্য স্থগিত করা ৩১টি লঞ্চের অধিকাংশ লঞ্চ চলাচলের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লঞ্চ মালিক সমিতির সাথে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের সাথে তার কার্যালয়ে গত রবিবার রাতে দীর্ঘ বৈঠকের পর গতকাল সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. খন্দকার সামসুদ্দোহা বলেন, ‘এমভি শাহ পরান’ লঞ্চটি এই রুটে চলাচল নিয়ে সঙ্কট হয়েছিল। এটিও ৩ দিন পর থেকে চলাচল করবে। লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি মো. ইকবাল হোসেন বলেন, ইতিমধ্যেই কয়েকটি লঞ্চের পারমিট বাতিলসহ নানা রকম শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। সেগুলোও ঐ বৈঠকে বিধিমোতাবেক শিথিল করার সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, কাওড়াকান্দি ঘাট থেকে ‘এমভি শাহ পরান’ নামের লঞ্চটি গত ২২ আগস্ট মাওয়া ঘাটে যায়। কিন্তু মাওয়ায় নৌ-পরিবহন শ্রমিকরা লঞ্চটি ভাংচুর করে আটকে রাখে। এই ঘটনাকে কেন্দ্র করে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে গত ১১ দিন লঞ্চ চলাচল বন্ধ ছিল।