প্রিয় মুখ
এখন অপেক্ষার পালা
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৭
শাহানা জেরিন। পড়াশোনা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। নরসিংদীর এই মেয়েটি আদরে আদরে বড় হয়েছেন। বাবা বশির আহমেদ এবং মা আছমা বেগম নাজমা। রায়পুরা আর কে আর এম হাইস্কুল থেকে এসএসসি এবং বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসিতে প্রথম শ্রেণি পেয়ে কৃতিত্বের সঙ্গে পাস করেন। পরে ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। এর আগে জেরিন লন্ডন রিগ্যাল কলেজে কিছুদিন অধ্যয়ন করেন। পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করছেন।
জেরিন বলেন, মানুষের জীবনে অনেক স্বপ্নই থাকে। তবে একজন ভালো মানুষ হওয়া অনেক গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত একজন ভালো মানুষ হতে চাই। বিশ্বাস করি সামনে এগিয়ে যাবার জন্য দরকার আত্মবিশ্বাস। মন থেকে চাইলে সব পাওয়া যায় বলে মনে করে সে।
পড়াশোনার পাশাপাশি খন্ডকালীন চাকুরি নিয়ে জেরিন বলেন, আমার তেমন কোন সমস্যা হয় না। মূলত ক্লাসের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আমি চাকরি করি। তবে চাকরি এবং পড়াশোনা দুটোই আমার কাছে গুরুত্বপূর্ণ। এছাড়া আমার অফিসে কাজের পরিবেশ বেশ ভালো।
জেরিন জানান, সেই ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি খন্ডকালীন কাজের প্রতি আমার ভীষণ ঝোঁক। তাই আমার স্বপ্ন পড়াশোনা শেষ করে আরোও ভালো কিছু করার। ভালো কাজ আমি ছোটবেলা থেকে ভালোবেসেছি। আমার কাছে চাকরি মানে নতুন উপলব্ধি। চাকরি মানে জীবনের কথা। চাকরি মানে জীবনবোধের নানা কথা। কাজ করতে গিয়ে অনেক বাস্তবতার মুখোমুখি হতে হয়। ভালো কিছু করার স্বপ্ন দেখি আমি। ভবিষ্যত্ আর ভালো লাগা দুটোকেই সাজাতে চাই নিজের চেষ্টায়। মনের গহীনে বোনা স্বপ্নটা একটু একটু করে ডালপালা মেলতে শুরু করেছে। এখন অপেক্ষার পালা।