চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
অন্যরকম আয়োজন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫১
দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ‘১১তম বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল— বৃক্ষ রোপণ, রক্তদান, পতাকা উত্তোলন ও আনন্দ র্যালি, ডকুমেন্টেশন উপস্থাপন, আলোচনা অনুষ্ঠান, প্রীতি ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। অডিটরিয়াম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার প্রকৌশলী মো: সফিকুল ইসলাম।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, বিশ্বমানের শিক্ষা-গবেষণার মাধ্যমে আরো এগিয়ে যাওয়ার নিরন্তর চেষ্টা চালাচ্ছে চুয়েট। বিশ্বের সর্বোচ্চ জায়গায় দাঁড়িয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে নিজেদের মেধা ও যোগ্যতা তুলে ধরতে পারেন সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। আর এই প্রচেষ্টায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা থাকলে আরো দ্রুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আমাদের বিশ্বাস।
প্রফেসর ড. প্রকৌশলী এম. শামীম জেড বসুনিয়া বলেন, যে কোন ক্ষেত্রে সফলকাম হতে হলে কঠিন সময়কে জয় করে এগিয়ে যেতে হবে। ছাত্র-ছাত্রীদের গড়ে উঠতে হবে সহানুভূতিশীল ও সহনশীলতায় পরিপূর্ণ মানসিকতা নিয়ে। জ্ঞানের সাধনা ছাড়া মুক্তি নেই, সঠিক সময় পাস করে জাতির বৃহত্তর সেবায় ছাত্র-ছাত্রীদের আত্মনিয়োগ করতে হবে।
আলহাজ্ব সুফী মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শিক্ষার সঙ্গে দীক্ষা, জ্ঞানের সঙ্গে বিনয়, কর্মের সঙ্গে নিষ্ঠার সম্পর্ক রেখে ছাত্র-ছাত্রীদের জীবন গড়তে হবে। নিজেদের লুকানো শক্তি জাগ্রত করতে হবে, করতে হবে স্বপ্নের বাস্তবায়ন। প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম বলেন, চুয়েটের শিক্ষা-গবেষণা আশাপ্রদভাবে এগিয়ে যাচ্ছে। চলমান অগ্রযাত্রায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোও সহযোগিতার হাত প্রসারিত করবে বলে আমরা আশাবাদী।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে চুয়েটের বিভিন্ন দিক তুলে ধরে ভিডিও প্রেজেন্টেশন করেন ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. কাজী দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. আশুতোষ সাহা। পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. আয়শা আক্তার ও যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সানাউল রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডীনগণের পক্ষে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মো: আব্দুর রশীদ, শিক্ষক সমিতির পক্ষে সহ-সাধারণ সম্পাদক ড. রিয়াজ আক্তার মলি¬ক, কর্মকর্তা সমিতির পক্ষে সভাপতি ডা: মো: ইউসুফ মিঞা, কর্মচারী সমিতির পক্ষে বিদায়ী সাধারণ সম্পাদক মো: জামাল উদ্দীন এবং ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের নাফিজা তাবাসসুম, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধরা নীলিম দেওয়ানজী, যন্ত্রকৌশল বিভাগের মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের সাফায়েত আরেফীন ফাহিম, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সৌরভ দাশ, স্থাপত্য বিভাগের সারা বিনতে হক ও যন্ত্রকৌশল বিভাগের শামীম তালহা জিম।