রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
এক দশক পেরিয়ে
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫১
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উত্সবমুখর পরিবেশে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক দশক পূর্তি পালিত হয়েছে। সম্প্রতি দিবসটি উদযাপন উপলক্ষে ক্যাম্পাসে শোভাযাত্রা, বৃক্ষরোপণ, প্রোগ্রামিং কনটেস্ট ও কনসার্টসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে রুয়েটের এক দশক পূর্তি উত্সবের সূচনা হয়। এ সময় রুয়েটের উপাচার্য অধ্যাপক মর্ত্তুজা আলী, রেজিস্ট্রার প্রকৌশলী আবুল বাশার, ছাত্র কল্যাণ পরিচালক কামরুজ্জামান রিপন, সহকারী ছাত্র কল্যাণ পরিচালক সিদ্ধার্থ শংকর সাহাসহ বিশ্ববিদ্যালয়ের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত মুক্তিযুদ্ধে শহীদ তিন শিক্ষার্থীর কবরে বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণ শেষে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মকর্মচারীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান ফটক দিয়ে বের হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত হয় ওপেন কনসার্ট। এছাড়া প্রজেক্ট শো, প্রোগ্রামিং কনটেস্ট ও বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।