বেগমগঞ্জে গ্যাস ফিল্ড পুনখনন শুরু
চৌমুহনী(নোয়াখালী)সংবাদদাতা
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৩
বেশ কয়েক বছর পূর্বে বেগমগঞ্জ গ্যাস ফিল্ড খনন করে নামমাত্র পরীক্ষা চালিয়ে পরিত্যক্ত ঘোষণা করে। বাপেক্সের তত্ত্ববধানে দীর্ঘ অনুসন্ধান চালিয়ে এ ক্ষেত্রে উন্নতমানের লাভজনক গ্যাস প্রাপ্তির সম্ভাবনা থাকায় পুনরায় খনন কাজ আরম্ভ করে। অল্প সময়ের মধ্যে গ্যাস উত্তেলনের কাজ শুরু করার আশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। বেগমগঞ্জ গ্যাস ফিল্ডে দায়িত্বরত বাপেক্স কর্মকর্তা জানান, দীর্ঘ দিন ধরে বাপেক্স অনুসন্ধানে উন্নতমানের গ্যাস প্রাপ্তির সম্ভাবনা নিশ্চিত হয়ে রাশিয়ার জাতীয় তেল গ্যাস উন্নয়ন সংস্থা গ্যাসফম এর সাথে যৌথবভাবে ২৯ জুলাই থেকে পরিত্যক্ত কূপের একশত গজ পশ্চিমে নতুন কূপের খনন কাজ আরম্ভ করা হয়। বাপেক্স ও রাশিয়ার প্রায় একশত প্রকৌশলী খনন কাজে নিয়োজিত রয়েছেন।
৩৬ শত মিটারের বেশী খনন করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে দুই-তৃতীয়াংশ খনন কাজ শেষ হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী মাস দেড়েকের মধ্যে খনন কাজ শেষ করে গ্যাস উত্তেলন করার পর্যায়ে যাবে বলে আশা করা হচ্ছে। তিনি আরো জানান, বেগমগঞ্জে গ্যাস ক্ষেত্রে উন্নতমানের গ্যাস প্রাপ্তির আশা আছে। যা উত্তোলন লাভজনক হবে।