দুই ম্যানেজার গ্রেপ্তার একজন পলাতক
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৫
কুলাউড়ায় চা পাতা পাচারের অভিযোগে ২ বাগান ব্যবস্থাপককে গ্রেফতার করেছে পুলিশ । এছাড়া অন্য একজন পলাতক রয়েছেন। পাচার করা চা পাতার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। জানা যায়, লোহাইউনি চা-বাগানের চা পাতা পাচারের অভিযোগে রবিবার রাতে কুলাউড়া থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। পৃথকভাবে মামলা দু’টি দায়ের করেন বাগানের স্টোর ক্লার্ক সুদীপ চক্রবর্তী ও প্রশাসনিক কর্মকর্তা খন্দকার রেজাউল করিম। অভিযোগে জানা যায়, গত ১৮ আগষ্ট ৬ হাজার ২৭০ কেজি এবং ২৬ আগষ্টে ৮ হাজার কেজি সর্বমোট ১৪ হাজার ২৭০ কেজি ট্রাকযোগে চিটাগাং ওয়্যার হাউসে পাঠানো হয়। নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রাপ্ত কাগজপত্রে উল্লেখিত চালান দু’টির উল্লেখ না থাকায় তাদের মনে সন্দেহের উদ্রেক হয়। তারা বিষয়টি তাত্ক্ষণিকভাবে বাগানের প্রধান ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলামসহ অন্য কর্মকর্তাকে অবহিত করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান জানান, ঢাকার তেজগাঁও থেকে প্রধান ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম ও সহকারী ব্যবস্থাপক মেহেদি হাসানকে গ্রেফতার করা হয়েছে।