শিক্ষক সংকটে সরকারি মহিলা কলেজ

কক্সবাজার সরকারি মহিলা ডিগ্রী কলেজে ২৪টি শিক্ষক পদের মধ্যে ১৩টি পদ এখন শূন্য। আশ্চর্য হলেও সত্যি যে, এই কলেজে বিজ্ঞান বিভাগ থাকলেও দীর্ঘদিন ধরে গণিত এবং রসায়ন বিজ্ঞানের কোন শিক্ষক নেই। বাণিজ্য বিভাগের সকল পদও খালি। বাংলা বিষয়ে ৩টি পদের দুটি খালি। অর্থনীতি বিষয়ের অবস্থাও একই। এছাড়া ইংরেজি, পদার্থ বিজ্ঞান, ইসলামের ইতিহাস, দর্শন ও পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়েরও দুটি পদের একটি করে খালি। ঘটনার স্বীকার করে কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নূর নবী জানান, বর্তমানে এ কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখা চালু রয়েছে, আর স্নাতক পর্যায়ে কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগ চালু রয়েছে। তবে শূন্য পদে কর্তৃপক্ষ শিক্ষক পদায়ন না করায় পরীক্ষার কয়েকমাস আগে অন্য কলেজ থেকে ভাড়ায় শিক্ষক এনে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। কিন্তু নিয়মিত শিক্ষকের অভাবে গত বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ছিল মাত্র ২৬ ভাগ। যদিও মানবিকে পাসের হার ছিল ৮২ ভাগ। এ বিষয়ে এইচএসসি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মেহেজাবীন অভি ও আনিকা তাসফিয়ান ক্ষোভের সাথে বলেন, মেডিক্যাল অথবা ইঞ্জিনিয়ারিং-এ পড়ার লক্ষ্য নিয়ে এইচএসসি পড়ছি। কিন্তু কলেজে ভর্তি হওয়ার পর গণিত এবং রসায়ন বিষয়ে পড়তে পারছি না।