রমজান মাস মানে
সংযম-চর্চা
আশা করি, তাতে কিছু
কমে যাবে খরচা।
কম কম খাবে আর
বিলাবে তা বেশি
থাকবে না কারো সাথে
কারো রেষারেষি।
বলবে না মিথ্যে বা
গিলবে না ঘুষ
মানুষকে মনে হবে
সত্যি মানুষ।
দুর্নীতি দূরে গেলে
কাছে আসে শান্তি
সুস্থির সমাজের
মনোরম কান্তি।
থাকবে না ধর্ষণ
থাকবে না খুন
কারো গায়ে কেউ জ্বেলে
দেবে না আগুন।
রমজান মাস থেকে
অর্জিত শিক্ষা—
সারাটি বছর জুড়ে
দেবে সে পরীক্ষা।
তা যদি না হয় তবে
জেনো সবই মিথ্যে
এক কণা আলোও তো
ছড়াবে না চিত্তে।
ছিলে যে অন্ধকারে
থেকে যাবে সেখানেই
ওটা ছাড়া ভাগ্যে তো
আর কিছু লেখা নেই।