হিলি দিয়ে পিঁয়াজ আমদানি বৃদ্ধি
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:২০
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পিঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি টিসিবি খোলা বাজারে পিঁয়াজ বিক্রি শুরু করেছে। এতে পাইকারি ও খুচরা বাজারে কমে গেছে পিঁয়াজের দাম। যে পিঁয়াজ বিক্রি হয়েছে ৬২ থেকে ৬৮ টাকায়, এখন তা বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৬ থেকে ৪৭ টাকায়। ঈদের পর এই বন্দর দিয়ে আমদানি হয়েছে ২ হাজার ৫০২ টন পিঁয়াজ।
হঠাত্ ভারতের কেন্দ্রীয় সরকার আমদানির ক্ষেত্রে দাম দ্বিগুণ বাড়িয়ে দেয়ায় বন্ধ হয়ে যায় হিলি স্থলবন্দর দিয়ে পিঁয়াজ আমদানি। আর বেড়ে যায় পিঁয়াজের দাম। সাড়ে ১৯ টাকার পিঁয়াজ কয়েক দফায় দাম বেড়ে দাঁড়ায় কেজি প্রতি ৬২ থেকে ৬৮ টাকায়। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) টেন্ডারের মাধ্যমে হিলি স্থলবন্দরের আমদানিকারকদের কাছ থেকে পিঁয়াজ কিনে বাজারজাত করায়, কমে আসে পিঁয়াজের দাম। বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রতিকেজি ৫২ টাকা ৯১ পয়সায় কিনে ভর্তুুকি দিয়ে তারা বিক্রি করছে ৪৭ টাকায়। অপরদিকে বন্দরের অন্যান্য পিঁয়াজ আমদানিকারকেরাও পাইকারি বাজারে বিক্রি করছে প্রতিকেজি ৪৫ থেকে ৪৭ টাকায়। ফলে খুচরা বাজারে কমে এসেছে পিঁয়াজের দাম।
টিসিবি’র রংপুর আঞ্চলিক অফিসের সহকারী কার্যনির্বাহী সুজা-উদ্দৌলা সরকার জানান, টিসিবি ইতিমধ্যে হিলি স্থলবন্দরের আমদানিকারকদের কাছ থেকে টেন্ডারের মাধ্যমে ১শ টন পিঁয়াজ কিনে ভর্তুকি দিয়ে বাজারজাত করেছে।
এছাড়া গত সোমবার আরও ৩ শ টন পিঁয়াজ কিনে বাজারজাত শুরু করেছে। এতে বাজার স্থিতিশীল হয়ে আসছে।
স্থানীয় আমদানি কারক ও হিলি কাঁচামাল আমদানি কারক গ্রুপের আহবায়ক হারুন-উর-রশিদ-হারুন জানান, পিঁয়াজের ঊর্ধ্বমুখি বাজার নিয়ন্ত্রণে আনতে টিসিবিকে আমি গত সোমবার পর্যন্ত ৪শ টন পিঁয়াজ টেন্ডারের মাধ্যমে সরবরাহ করেছি। এতে ঊর্ধ্বমুখি বাজার নিয়ন্ত্রণে চলে এসেছে। আর কয়েক দিনের মধ্যেই পিঁয়াজের দাম আরও কমে আসবে।
স্থলবন্দরের সহকারী কমিশনার মাজেদুল হক জানান, হিলি স্থলবন্দর দিয়ে গত ১২ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত পিঁয়াজ আমদানি হয়েছে ২ হাজার ৫০২ টন। এছাড়া চাহিদার কারণে গত ২৪ আগস্ট থেকে ১০ দিনে ১ হাজার ৪৯১ টন পিঁয়াজ আমদানি হয়েছে।
টিসিবি আমদানিকারকদের কাছ থেকে টেন্ডারে পিঁয়াজ কিনে বাজারজাত করছেন। তারা যদি এই ধারা অব্যাহত রাখেন তাহলেই পিঁয়াজ ক্রেতাদের হাতের নাগালে চলে আসবে।