ঢাকায় নিখোঁজ প্রতিবন্ধী রাঙ্গুনিয়ায় উদ্ধার

ঢাকা থেকে নিখোঁজ হওয়া এক প্রতিবন্ধী তরুণকে পাওয়া গেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায়। ফেরিঘাট এলাকায় ঘুরাফেরা করার সময় আব্দুল হালিম নামে এক ব্যক্তি তাকে পান। প্রায় ৮ মাস ধরে সে এখানে থাকে। সমপ্রতি ইত্তেফাকসহ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত নিখোঁজ সংবাদের ভিত্তিতে প্রতিবন্ধীর অভিভাবকের সঙ্গে যোগাযোগ হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর অভিভাবক পক্ষের প্রতিনিধি সুইড (সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব দি ইন্টেলেকচুয়ের ডিজেবল) বাংলাদেশ নামক প্রতিবন্ধী কল্যাণ সংস্থার চট্টগ্রাম শাখার প্রিন্সিপাল শামীম আহমেদ ও হিসাবরক্ষক সাইদুল ইসলামের নিকট রবিবার তরুণ প্রতিবন্ধীকে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া প্রতিবন্ধী তরুণ ‘সুইড বাংলাদেশ’ এর মহাসচিব হেমায়েত উদ্দিন আহমেদের ছেলে। তার নাম তৌহিদ গোলাম মোস্তফা রুশ (২০)। সে মানসিক প্রতিবন্ধী। ঢাকার শ্যামপুর এলাকা থেকে গত ১৬ ডিসেম্বর সে নিখোঁজ হয়।