নাদাল-ফেদেরার প্রত্যাশিত দ্বৈরথ হলো না
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৩
রাফায়েল নাদালের সাথে ইউএস ওপেনে রজার ফেদেরারের প্রথম মোকাবেলার সুযোগটি দেখার সৌভাগ্য হলো না টেনিসামোদীদের। ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড থেকে ফেদেরারের বিদায়ই এর কারণ। বছরের শেষ এই গ্র্যান্ড স্ল্যামটির সপ্তম বাছাই সুইজারল্যান্ডের ফেদেরার গত সোমবার রাতে টমি রবরেডোর কাছে সরাসরি সেটে পরাস্ত হয়ে বিদায় নেন। এর ফলে ষষ্ঠবারের মতো ইউএস ওপেন জয়ের আশাও থমকে গেল তার।
পাঁচবারের চ্যাম্পিয়ন ফেদেরারের তাই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে নাদালের সাথে সাক্ষাতের সুযোগ হলো না। দ্বিতীয় বাছাইয়ে নাদাল এই রাতে শেষ আটে নাম লিখিয়েছেন। তার সাথে আছেন আরেক স্প্যানিশ খেলোয়াড় ডেভিড ফেরার।
টেনিস ভক্তদের অবশ্য আশা ছিল, নাদাল-ফেদেরার দ্বৈরথ দেখার; কিন্তু তৃতীয় রাউন্ডের ম্যাচে ১৯তম বাছাই স্পেনের টমি রবরিডোর কাছে ৭-৬, ৬-৩ ও ৬-৪ গেমে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হলো ফেদেরারকে। শুধু তাই নয়, এই হারে আরো একবার সুইস তারকাটির টেনিস ভবিষ্যত্ থেকে জল্পনা-কল্পনা শুরু হলো। ৩২ বছর বয়সী ফেদেরার এ খেলাটিতে তার চাইতে কেবল এক বছরের ছোট রবরেডোর কাছে ম্রিয়মাণ হয়ে যান। খ্যাতি ছড়ানোর পর এই প্রথম ফেদেরার নিজের ক্যারিয়ারে সবচাইতে বাজে একটি বছর কাটালেন। তার দুর্গতির শুরু উইম্বলডন থেকেই যেখানে দ্বিতীয় রাউন্ডে তাকে স্তম্ভিত হতে হয়েছিল অখ্যাত সের্গেই স্টাখোভস্কির কাছে। শুধু উইম্বলডনই তার জন্য হতাশা বয়ে আনেনি। এরপর তিনি অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে এবং ফেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে হেরে যান। এখন তার কট্টর সমর্থকদের পাশাপাশি ফেদেরারকেও ভাবতে হবে— এটাই তার পড়তি বেলার পদধ্বনি কিনা।
রবরেডো ভাল খেলেই দুই ঘণ্টা ২৪ মিনিটে ফেদেরারকে হারান। মূলত সুইসটির ‘আনফোর্সড এররকে’ (৪৩টি) কাজে লাগিয়েই স্পানিয়ার্ডটি এগিয়ে যান। এ খেলায় ফেদেরার ব্রেক পয়েন্ট (১৬টির মধ্যে জেতেন দুইটি) পাওয়ার সুযোগও কাজে লাগাতে পারেননি। কিংবদন্তি জন ম্যাকেনরো সব দেখে বলেন, ‘আমি কি দেখছি তা মেনে নিতে কষ্ট হচ্ছে।’ অপরদিকে ২০০২ সালের পর এটাই তার প্রথম বছর যখন তিনি কোন গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছাতে পারলেন না। ফেদেরার আত্মপক্ষ সমর্থনে অনেক কথাই বলেন। এর মধ্যে উল্লেখ করার মতো হলো, ‘আমি স্রেফ এটা করে দেখাতে পারিনি।’
বিশ্বের দুই নম্বর খেলোয়াড় নাদাল অবশ্য কঠিন পরিস্থিতিতে পড়লেও ফেদেরারের ভাগ্য বরণ করেননি। তিনি চার সেট লড়াইয়ের পর ২২তম বাছাই জার্মানির ফিলিপ কোহলশ্রিয়েবারকে ৬-৭ (৪/৭), ৬-৪, ৬-৩, ৬-১ গেমে হারাতে সক্ষম হন। এ জয়ে ২০১০ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন নাদাল ক্যারিয়ারের ১৩তম গ্র্যান্ড স্ল্যাম অর্জনের পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন। তিনি এখন রবরেডোর মুখোমুখি হবেন। তিন ঘণ্টা ১২ মিনিটের খেলা শেষে নাদাল বলেন, ‘আদ্র কন্ডিশনে এটা ছিল খুবই কঠিন। আমাকে অনেক বেশি ঘামাতে হয়েছে। শারীরিক দিক থেকে কঠিন হওয়ায় সামনে এগুতে পারায় আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।’
ফেরারও তার স্বদেশি নাদালের মতো চার সেট লড়াই করে তবে জয়ের দেখা পান। ১৮তম বাছাই সার্বিয়ার জাঙ্কো টিপাসারাভিচের বিরুদ্ধে প্রায় চার ঘণ্টা স্থায়ী এ খেলাটিতে শেষ পর্যন্ত ৭-৬ (৭/২), ৩-৬, ৭-৫, ৭-৬ (৭/৩) গেমে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন ফেরার। এছাড়া শেষ আট নিশ্চিত করেছেন অষ্টম বাছাই ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েট।