পুলিশ পরিচয়ে চার লাখ টাকা ছিনতাই

রাজধানীর উত্তরায় দিনে-দুপুরে ফিল্মি স্টাইলে পুলিশ পরিচয়ে ৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার শিকার আব্দুল গফুর সরদার শনিবার রাতে উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বাদী জানান, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উত্তরার জসিম উদ্দিন রোডের ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম বুথ থেকে তিনি চার লাখ টাকা উত্তোলন করেন। এরপর তিনি একটি ব্যাগে টাকা নিয়ে ব্যাংক থেকে বের হন এবং উত্তরা ৪ নম্বর সেক্টরের দিকে যান। এসময় সাদা একটি মাইক্রোবাস থেকে কয়েকজন বের হয়ে তাকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে তারা মাইক্রোবাসের মধ্যে তাকে বেধড়ক মারপিট করে। তাদের পরিচয় জানতে চাইলে তারা বলে ‘আমরা পুলিশের লোক”। এসময় তিনিও মাইক্রোবাসের মধ্যে ওয়াকিটকি ও হ্যান্ডকাপ দেখতে পান। পরে তারা তার কাছ থেকে চার লাখ টাকা ছিনিয়ে নেয় এবং তাকে হাতির ঝিল এলাকায় নামিয়ে দেন। এসময় মাইক্রোবাসের লোকজন তাকে বলে সোজা হেঁটে যা, পেছনে তাকালে গুলি করে মেরে ফেলবো।