প্রজ্ঞাপন তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট

সরকারি ডাটাবেজ থেকে জনশক্তি বাছাই ও রফতানির বিধান বাধ্যতামূলক করে জারি করা প্রজ্ঞাপনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদকে নিয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন। একইসঙ্গে জারিকৃত প্রজ্ঞাপনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, উপ-সচিব ও প্রবাসী কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ২৮ মার্চ সরকারি ডাটাবেজের বাইরে অন্য ডাটাবেজ থেকে জনশক্তি রফতানি নিষিদ্ধ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এছাড়া সরকারি ডাটাবেজ থেকে জনশক্তি বাছাইয়ের বিধান রেখে ৭ এপ্রিল আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই দুটি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সভাপতি মো. শাহজালাল মজুমদার হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।