ড. ইউনূসের অবদান মূল্যায়নের দাবিতে মানববন্ধন

দেশের একমাত্র নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের অবদান মূল্যায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সম্মিলিত গণতান্ত্রিক জোটের নেতারা। গতকাল মঙ্গলবার এক মানববন্ধনে সংগঠনটির নেতারা ইউনূসের প্রতি আর কোনো কটূক্তি না করার জন্যও সরকারি মহলের প্রতি অনুরোধ জানান। শান্তিতে নোবেল জয়ী ড. ইউনূসের প্রতি বিদ্বেষমূলক আচরণ বন্ধ এবং গ্রামীণ ব্যাংক রক্ষার দাবিতে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের এই কৃতি ব্যক্তিত্বের ব্যাপারে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে ইতিমধ্যে অনেক কটূক্তি করা হয়েছে। এর মাধ্যমে বিশ্ব দরবারে দেশকেই হেয়প্রতিপন্ন করা হচ্ছে। সম্মিলিত গণতান্ত্রিক জোটের সভাপতি ও সাবেক সচিব এসএম মিজানুর রহমান ও সম্পাদক মোজাম্মেল হোসেনের নেতৃত্বে মানববন্ধনে আরো অংশ নেন সাবেক সচিব এম মনিরুজ্জামান, ভাষা সৈনিক রফিকুল ইসলাম, প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি এস এম মেহবুব রহমান প্রমুখ।