ভারতের রাজ্যসভায় খাদ্য নিরাপত্তা বিল পাস

টানা কয়েকদিনের বিতর্কের পর ভারতের ৮০ কোটি মানুষের খাদ্যে ভর্তুকি দেয়ার লক্ষ্যে ২ হাজার কোটি মার্কিন ডলারের প্রকল্প অনুমোদন করেছে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা। এই প্রকল্পের আওতায় গম ও চালে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেয়া হবে। বিলটি নিয়ে গত কয়েকদিন ধরে বিরোধী ও সরকারি দলের সংসদ সদস্যদের মধ্যে তুমুল বাকবিতন্ডা চলছিল। ২০১৪ সালের মে মাসে অনুষ্ঠিতব্য ভারতের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন কংগ্রেস পার্টি ভোটারদের মন গলানোর লক্ষ্যে এই খাদ্য নিরাপত্তা বিল উপস্থাপন করেছে বলে বিরোধী দলগুলো অভিযোগ করেছে। গত সপ্তাহে দেশটির নিম্নকক্ষ লোকসভায় এই বিল পাস হওয়ার পর বিনিয়োগকারীরা অসন্তোষ প্রকাশ করেন। তাদের ধারণা ভর্তুকির ব্যয় মেটানোর লক্ষ্যপূরণে সরকারকে হিমশিম খেতে হবে, যার প্রভাব পড়বে বিনিয়োগে। লোকসভা ও রাজ্যসভায় এই বিল অনুমোদন পাওয়ায় এখন শুধু ভারতের রাষ্ট্রপতির সই হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরই এটি আইনে পরিণত হবে।