তালার জেয়ালা গ্রাম এখন দুগ্ধপল্লী
গাজী জাহিদুর রহমান, তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৬
“এসএসসি পাস করি ১৯৮১ সালে। এরপরে চাকরির পেছনে ঘুরতে ঘুরতে দু’টি বছর পার হয়ে যায়। পরে চাকরি না পেয়ে ১৯৮৩ সালে ৬ হাজার টাকা ধার করে একটি বিদেশি গাভী (বকনা) ক্রয় করি। একবছর পরেই তার গর্ভে একটি বাছুর’র জন্ম হয়। এরপর বাড়তে শুরু হয় গরু। এভাবে বাড়তে বাড়তে সুচিত্রা ডেয়ারি নামে নিজ বাড়িতে গড়ে তুলি একটি দুগ্ধখামার। বর্তমানে খামারে রয়েছে ৫০টি গরু। এ খামারে প্রতিদিন প্রায় ৩ শ’ লিটার দুধ উত্পাদন হচ্ছে।” এমনই ভাবে ভাগ্যের পরিবর্তন ঘটানোর বর্ণনা দিলেন সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা গ্রামের মৃত কালিপদ ঘোষের পুত্র প্রশান্ত ঘোষ।
তিনি জানান, বর্তমানে তার দেখাদেখি ওই গ্রামে আরও গড়ে উঠেছে ছোটবড় প্রায় ১৩৭টি দুগ্ধ খামার। এসব খামারে প্রতিদিন প্রায় ১০ হাজার লিটার দুধ উত্পাদন হয়। খামারিরা জেলা সদরসহ বিভিন্ন এলাকায় দুধের চাহিদা মিটিয়ে আসছেন। এ দুধ বিক্রি করে এখানকার মানুষের ভাগ্যের চাকা ঘুরছে। ফলে এ পাড়া এখন জেয়ালা দুগ্ধপল্লী নামে পরিচিতি পেয়েছে। তবে এখানে ড্রেনেজ ব্যবস্থার সমস্যা রয়েছে। যে কারণে অনেক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এখানকার মানুষ।
জেয়ালা ঘোষপাড়া প্রাথমিক দুগ্ধ উত্পাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি দিবস ঘোষ নিজের প্রতিদিন ৫ মণ দুধ উত্পাদনের কথা উল্লেখ করেছেন।