বাণিজ্যিকভাবে বাউকুল চাষ হচ্ছে সাতক্ষীরায়

সাতক্ষীরায় বাণিজ্যিক ভাবে চাষ করা হচ্ছে বাউকুল। জেলার চাহিদা মিটিয়েও রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলাতে সরবরাহ করা হচ্ছে এ কুল। চলতি মৌসুমে জেলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক হারে চাষ করা হয়েছে এ জাতের কুল। এবার উত্পাদনও বাম্পার হয়েছে বলে জানান চাষীরা। স্বল্প সময়ে অধিক লাভজনক এ ফসলটি চাষে কৃষকদের মধ্যে ভালোই আগ্রহ বাড়ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বাওখোলা গ্রামের বাউকুল চাষী শেখ কাবিল হোসেন জানান, গত ২/৩ বছর ধরে এ জাতের কুল চাষ করছেন তিনি। প্রথম বছর পরীক্ষামূলকভাবে ২ বিঘা জমিতে বাউকুল চাষ করে প্রায় ৪ লাখ টাকা লাভ হয় তার। এর পর তিনি এলাকার আরো ১০ বিঘা জমি লীজ নিয়ে তাতে গড়ে তুলেছেন একটি বাউকুলের বাগান। কাবিল বলেন, চলতি মৌসুমে তার বাগানে কুলের বম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে কুল বিক্রিও শুরু করেছেন তিনি। কাবিল জানান, প্রতি বিঘাতে এবার কমপক্ষে ২৮০ থেকে ৩০০ মণ পর্যন্ত কুল উত্পাদন হবে। এতে করে তার প্রতি বিঘাতে সেচ, কিটনাশক, শ্রমিকদের মজুরি ও জমির হারিসহ প্রায় ৭০ থেকে ৭৫ হাজার টাকা উত্পাদন খরচ হবে। কাবিল বলেন, চলতি মৌসুমে কুলের পাইকারী দর যাচ্ছে প্রতি মণ ১ হাজার ৮০০ টাকা। সে হিসাব অনুযায়ী প্রায় ৪ লক্ষাধিক টাকা বিক্রি হবে একেক বিঘা জমির কুল। তিনি জানান, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার ব্যাপারিরা ৪/৫ দিন পর পর তার বাগান থেকে কুল কিনে নিয়ে যাচ্ছে।