টিভি মুখ
অভিনয়ের বন্ধনে
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:১১
মিডিয়াতে কাজ করার পোকাটা খুব ছোটবেলাতেই তার মাথায় ঢুকেছিল। কিন্তু ভেবে পাচ্ছিলেন না কিভাবে এই পোকাটা মাথা থেকে নামাবেন, এই মাধ্যমে কাজ করে নিজেদের স্বপ্ন পূরণ করবেন। অবশেষে যখন লাক্স-আই চ্যানেল আই সুপারস্টারের কথা মনে পড়ল তখন আর দেরি নয়। মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েই নিজেকে প্রতিষ্ঠিত করবেন। শত শত তরুণীকে পেছনে ফেলে হয়েছেন প্রথম রানার আপ। এখন নতুন করে নিজের যোগ্যতা প্রমাণের পালা। মডেলিং ও অভিনয়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুকে ধরেই পথচলা শুরু করেছেন তিনি। এরই মধ্যে তিনি একটি মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। তবে একজন ভালো অভিনেত্রী হওয়াই প্রসূনের লক্ষ্য। তার ভাষ্যে, ‘আমি জানি একজন ভালো অভিনেত্রী হওয়ার জন্য অনেক সাধনার দরকার হয়। আমি প্রস্তুত এই পথে হাঁটতে।’ ক্যাম্পের সোনালি সেই দিনগুলোর গল্প নিয়ে প্রসূন বলেন, ‘ক্যাম্পের দিনগুলো কখনও ভোলা যাবে না। ওখানে আমরা অনেক কিছু শিখেছি। বিশেষ করে গ্রুমিং সেশনটা ছিল চমত্কার। এরফলে আমাদের কনফিডেন্স আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আর এই অভিজ্ঞতা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে বলে আমি মনে করি। টাইম সেন্স, ডিসিপ্লিনের ব্যাপারে আমি বরাবরই সচেতন ছিলাম। লাক্সে আসার পর সেই সচেতনতা আরও জোরদার হয়েছে।’ প্রসূন অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে—গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘অবগুণ্ঠন’, সাদাত রাসেলের ‘অ্যান অ্যাপল’, তৌফিকুর রহমানের ‘অনন্যা’, ‘গ্রেট মিসটেক’, জাবির রাসেলের ‘ডাবল-৪২০’ প্রভৃতি। ময়মনসিংহের ফুলবাড়ির মেয়ে প্রসূনের সবচেয়ে আলোচিত নাটক হচ্ছে সাজ্জাদ সুমন পরিচালিত ‘শহরের নতুন বালিকা’ ও অনিমেষ আইচের ‘একটি মৃত্যুর স্বপ্ন’। দুটি নাটকে অভিনয় করে ব্যাপক সাড়া পেয়েছেন তিনি। তার দিন বদলের গল্প জানতে চাইলে প্রসূন বলেন, ‘আগের সময় আর এখনকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা ঘটেছে পরিচিতির ক্ষেত্রে। আগে আমাকে কিছু মানুষ চিনতেন। এখন সারাদেশের মানুষ আমাকে চিনছে। মূলত সেরা দশে আসার পর থেকেই আমার জীবনের পরিবর্তন শুরু হয়। এখন কোথাও গেলে লোকজন আমাকে দেখে ফিসফাস করে। একজন আরেকজনকে বলে, এই দ্যাখো দ্যাখো, এই মেয়েটা প্রসূন না! ওই যে লাক্সের প্রসূন। এটা আমি খুব উপভোগ করি। কথা বলার সময় এখন পুরোনো মানুষদের কাছ থেকেই একটু সমীহ পাই। তবে প্রথম রানারআপ হওয়ার পর এখনও আমি আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ যাইনি। তাই নতুন অনেক অভিজ্ঞতা থেকেই দূরে রয়েছি।’ এরইমধ্যে প্রসূন একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। বিপ্লব হায়দার পরিচালিত এ ছবির নাম ‘ফিল মাই লাভ’। এই ছবিতে তিনি একজন আরজের চরিত্রে অভিনয় করেছেন। তবে মূলধারার ছবিতে কাজ করতে প্রসূণ অনেক বেশি আগ্রহী। সেক্ষেত্রে ভালো গল্পের প্রতি তার আকর্ষণ সব সময়ই। সামনে নায়ক আমানের বিপরীতে আরেকটি নতুন চলচ্চিত্রে অভিনয় করবেন তিনি। রিকিয়া মাসুদের পরিচালনায় এই ছবির নাম ‘দ্য স্টোরি অব সামারা’। ভবিষ্যতের ভাবনার কথা জানতে চাইলে প্রসূন বলেন, ‘ভালো অভিনয়ের মাধ্যমে দর্শকের হূদয়ে টিকে থাকতে চাই। সর্বোপরি একজন ভালো অভিনয়শিল্পী হতে চাই।’